মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিদেশে চিকিৎসায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিনের ব্যয় ৭৯ লাখ টাকা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দায়িত্ব পালনকালে বিদেশে চিকিৎসা বাবদ সরকারি কোষাগার থেকে ৭৯ লাখ ৩৮ হাজার ২২৯ টাকা নিয়েছেন। উপদেষ্টাদের মধ্যে বিদেশে চিকিৎসা খাতে এটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়।

- Advertisement -

জানা গেছে, দায়িত্বে থাকা ১৮ মাসের মধ্যে তিনি তিনবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দায়িত্ব পালনকালে তার শারীরিক জটিলতা দেখা দেয়। দেশে রোগ নির্ণয় সম্ভব না হওয়ায় সরকারের অনুমোদন নিয়ে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিতে বাধ্য হন।

তিনি বলেন, ‘আমি খুব সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। একপর্যায়ে শারীরিক জটিলতা দেখা দেয়। দেশে চিহ্নিতই করা যাচ্ছিল না। পরে যথাযথ প্রক্রিয়ায় সরকারের অনুমোদন নিয়ে তিনবার সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছি।’

বিদেশে চিকিৎসা ব্যয়ে উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি চিকিৎসা বাবদ নিয়েছেন ৮১ লাখ ৯১ হাজার ৪৮৮ টাকা।

এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি নিয়েছেন ৮ লাখ ৭০ হাজার ৭৪৪ টাকা। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী নিয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৬৪৯ টাকা।

এ ছাড়া বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান ৫ লাখ ৩৯ হাজার ৯৩৫ টাকা, ভূমি উপদেষ্টা হাসান আরিফ ২ লাখ ৬৭ হাজার ২১৬ টাকা, শিক্ষা উপদেষ্টা ড. এম আমিনুল ইসলাম ২ লাখ ৩৫ হাজার ৭২৯ টাকা এবং খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ১ লাখ ৭০ হাজার ১৩৪ টাকা চিকিৎসা বাবদ গ্রহণ করেন।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দীন মাহমুদ নিয়েছেন ৬৭ হাজার ৩৬৭ টাকা, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ৩১ হাজার ৫২ টাকা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান ২১ হাজার ৮০০ টাকা এবং প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা শেখ মইনউদ্দিন নিয়েছেন ৪ হাজার ১৬০ টাকা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রী ও উপদেষ্টাদের বিদেশে চিকিৎসা সংক্রান্ত বিল যাচাই-বাছাই শেষে সরকারি বিধি অনুযায়ী অর্থ পরিশোধ করা হয়। দেশে চিকিৎসার ক্ষেত্রেও তারা সাধারণত সরকারি বা স্বায়ত্তশাসিত হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসাসেবা পেয়ে থাকেন।

সর্বশেষ

এই বিভাগের আরও