ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র। মানবিক সহায়তা ও জরুরি উদ্ধার কার্যক্রমের জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে।
অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও স্বস্তি ও শক্তি জোগাবে।”
এর আগে সিএনএন জানিয়েছিল, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন।
এ ছাড়া আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং ৩ হাজার ১৪২টি পরিবার বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে।
এদিকে মাঠেও ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি।
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। এখন তিনি আগের তুলনায় বেশি সময় মাঠে খেলতে প্রস্তুত।
আজ (সোমবার) বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

