রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসের পুনরাবৃত্তি হলে শিরোপা ব্রাজিলেরই!

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে নতুন এক ইতিহাস গড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করে তিনি জায়গা করে নিয়েছেন ব্রাজিলের কিংবদন্তিদের কাতারে। আর অতীতের পরিসংখ্যান বলছে, এমন কীর্তি গড়ার পর প্রতিবারই বিশ্বকাপ জিতেছে সেলেসাওরা।

- Advertisement -

স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস। এর আগে মরক্কো ও হাইতির বিপক্ষেও গোল করেছিলেন তিনি। ফলে ২৪ বছর পর ব্রাজিলের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করার কীর্তি গড়লেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এর আগে ২০০২ বিশ্বকাপে রোনালদো নাজারিও ও রিভালদো গ্রুপের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেই আসরে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জেতে ব্রাজিল।

শুধু ২০০২ নয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের প্রতিটি আসরেই এমন কীর্তির দেখা মিলেছে। ১৯৭০ সালে জাইরজিনহো, ১৯৯৪ সালে রোমারিও এবং ২০০২ সালে রোনালদো-রিভালদো—প্রত্যেকেই গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করেছিলেন। আর প্রতিবারই শেষ পর্যন্ত শিরোপা উঠেছিল ব্রাজিলের হাতেই।

এই তালিকায় নাম লিখিয়ে ভিনিসিয়ুস যেন নতুন করে জাগিয়ে তুলেছেন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন। এখন দেখার বিষয়, ইতিহাসের সেই ধারাবাহিকতা ধরে রেখে এবারও কি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সর্বশেষ

এই বিভাগের আরও