মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৪ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় এন. মোহাম্মদ গ্রুপের ফ্রি মেডিকেল ক্যাম্প

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার এন. মোহাম্মদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প শুরু হয়েছে।

- Advertisement -

সোমবার (২৯ জুন) ইন্ডাস্ট্রিয়াল পার্কের অডিটোরিয়ামে আয়োজিত এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম দিপু, বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্য এস এম শাহেদ হোসেন ছোটন, এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসক ডা. জয়জিৎ চৌধুরী ও ডা. আদনান জাওয়াদ, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জিহাদ বাবলুসহ সংশ্লিষ্টরা। এছাড়া এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রাম ও বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করছেন।

আয়োজকরা জানান, এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে এটি তৃতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে আয়োজিত দুটি ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এবারের দুই দিনব্যাপী ক্যাম্পে কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও তাদের পরিবারের প্রায় ৪ হাজার সদস্য স্বাস্থ্যসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডা. মামুনুল হক মামুন বলেন, “শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপ যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার আহ্বান জানাই।”

সর্বশেষ

এই বিভাগের আরও