রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্রাজিলের জন্য নরওয়ে কেন ‘অস্বস্তির’ প্রতিপক্ষ?

ক্রীড়া প্রতিবেদক

জাপানের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের পর ২-১ গোলের জয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয় ইউরোপের দলটি।

- Advertisement -

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

তবে ইতিহাস ব্রাজিলের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক নয়। নরওয়ের বিপক্ষে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও একবারও জয় পায়নি সেলেসাওরা। চার ম্যাচে নরওয়ে জিতেছে দুটি, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে। গ্রুপ পর্বের সেই ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছিল নরওয়ে। ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন বেবেতো। নরওয়ের হয়ে গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো ও কেতিল রেকদাল।

বিশ্বকাপের বাইরে প্রীতি ম্যাচেও ব্রাজিলের জন্য সুখকর স্মৃতি নেই। ১৯৮৮ সালে দুই দল ১-১ গোলে ড্র করে। ১৯৯৭ সালে নরওয়ে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়। সর্বশেষ ২০০৬ সালের আগস্টে তাদের লড়াইও ১-১ গোলে অমীমাংসিত থাকে।

ব্রাজিল-নরওয়ে মুখোমুখি পরিসংখ্যান:

ম্যাচ: ৪
ব্রাজিলের জয়: ০
নরওয়ের জয়: ২
ড্র: ২

তবে অতীতের পরিসংখ্যান নয়, শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে ভাগ্য। জাপানের বিপক্ষে নাটকীয় জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে, গোলমেশিন আর্লিং হালান্ডকে সামনে রেখে দুর্দান্ত ছন্দে রয়েছে নরওয়ে।

সব মিলিয়ে শেষ ষোলোর এই লড়াইয়ে ইতিহাস বদলাতে চাইবে ব্রাজিল, আর নরওয়ে চাইবে নিজেদের অপরাজিত রেকর্ড অক্ষুণ্ন রেখে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে।

সর্বশেষ

এই বিভাগের আরও