পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী বুধবার (১ জুলাই) থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন।
নতুন ইউনিফর্মে জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যরা গাঢ় নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরবেন। অন্যদিকে মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের সময় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্টে দেখা যায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব পুলিশ সদস্যের কাছে নতুন পোশাক সরবরাহ করা হবে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর পুলিশ সংস্কারের অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের নভেম্বরে পুলিশের শার্টের রং লোহা-ধূসর এবং প্যান্টের রং কফি-বাদামি ধূসর করা হয়েছিল। তবে মাঠপর্যায়ে সেই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় বর্তমান সরকার নতুন করে ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর জারি করা প্রজ্ঞাপনে ইউনিফর্মের রং ও নকশায় বেশ কিছু পরিবর্তন আনা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে থাকবে চারটি পকেট ও সামনে সাতটি বোতাম।
নারী পুলিশ সদস্যদের জন্যও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তারা মাথার আবরণও ব্যবহার করতে পারবেন।
এছাড়া গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার নিয়ম করা হয়েছে। গর্ভবতী নারী পুলিশ সদস্যরা ইউনিট প্রধানের অনুমোদন নিয়ে সাধারণ পোশাক পরতে পারবেন। ট্রাফিক ইউনিটের নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন।
শুধু ইউনিফর্মই নয়, শার্টের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে জার্সি, কার্ডিগান, পুলওভার ও জ্যাকেটের রঙেও পরিবর্তন আনা হয়েছে। আগের লোহা-ধূসর জার্সির পরিবর্তে এখন গাঢ় নীল শার্টের সঙ্গে গাঢ় নীল ফুলহাতা জার্সি বা কার্ডিগান ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে জেলা পুলিশ, এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের নতুন ইউনিফর্মের ধরণও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।

