রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অভিন্ন প্রশ্নে এইচএসসি, নজিরবিহীন নিরাপত্তায় পরীক্ষা শুরু

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

সারা দেশে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে।

- Advertisement -

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছেন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

পরীক্ষা উপলক্ষে বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, সুষ্ঠু, স্বচ্ছ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

এবারের পরীক্ষায় মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় একটি বিশেষ মনিটরিং সেল গঠন করেছে, যেখান থেকে দেশের যেকোনো পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

নিরাপত্তা ব্যবস্থায় এবার যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রথমবারের মতো পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নকল প্রতিরোধ ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ১৫ আগস্টের মধ্যে সম্পন্ন করা হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) তাত্ত্বিক পরীক্ষা ২৫ জুলাই, বিএমটির তাত্ত্বিক পরীক্ষা ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তাত্ত্বিক পরীক্ষা ২২ জুলাই পর্যন্ত চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার ৭৭টি বিষয়ে ২১ কার্যদিবসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৮৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হাজার ৬২৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছেন। মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীরা নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষায় অংশগ্রহণ করছেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সরকার আশা করছে, কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও