জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি জানান, ডেঙ্গু রোগ দ্রুত শনাক্ত করতে দেশের থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস১ (NS1) পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও অন্যান্য বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে গেলে প্রয়োজন অনুযায়ী সেসব হাসপাতালের সেবা আরও সম্প্রসারণ করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি বলেন, শুধু চিকিৎসাসেবা বাড়ালেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রায় ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন-হেডেড মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ছাড়া চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে মেডিকেল শিক্ষার কারিকুলামে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন সুবিধা ও সার্বিক অবকাঠামো উন্নয়নের কাজও এগিয়ে চলছে। আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

