চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই সারা দেশে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
এদিন সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ১ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অসদুপায়ের অভিযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে বহিষ্কৃত হন। কোনো কক্ষপরিদর্শক বা পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন অনুপস্থিত ছিলেন এবং অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৩ হাজার ৭৩ জন অনুপস্থিত ছিলেন এবং একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরে স্থাপিত ৮টি কেন্দ্রেও নির্ধারিত সূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

