রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতা বাড়াতে চায় সৌদি আরব

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

- Advertisement -

বৃহস্পতিবার (২ জুলাই) পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পুলিশি সহযোগিতা সম্প্রসারণ, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাই, মানবপাচার প্রতিরোধ এবং নিরাপত্তা সহায়তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।

এ সময় সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা আরও বাড়াতে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ে সৌদি আরবের আগ্রহের কথা তুলে ধরেন।

আইজিপি মো. আলী হোসেন ফকির উভয় দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, তথ্য বিনিময় এবং উত্তম চর্চা ভাগাভাগির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার প্রতিরোধ, বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যসেবা সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং এবং নিরাপত্তা-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও