শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসে জিয়ার অবদান চিরস্মরণীয়: সমাজকল্যাণমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ইতিহাস বিকৃত বা আড়াল করা গেলেও কখনো মুছে ফেলা যায় না। মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়।

- Advertisement -

শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে জিয়াউর রহমান স্বাধীনতার আহ্বান জানিয়ে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তিনি মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার এবং পরবর্তীতে ‘জেড ফোর্স’-এর অধিনায়ক হিসেবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর রাষ্ট্র পরিচালনায় জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি সুদৃঢ় করেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, কৃষি, শিল্প, রপ্তানি, প্রবাসী কর্মসংস্থান, তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের উন্নয়নের ভিত রচনা করেন।

অধ্যাপক ডা. জাহিদ হোসেন বলেন, সেই ধারাবাহিকতায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জনগণের ভোটাধিকার, সংসদীয় গণতন্ত্র, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং মুক্তিযোদ্ধাদের মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। নির্বাচনের পর জনগণের দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, ধর্মীয় নেতাদের প্রণোদনা, সুশাসন প্রতিষ্ঠা এবং উন্নয়নমুখী বাজেট বাস্তবায়নের মাধ্যমে একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে মন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি সংলগ্ন এতিম ও দুস্থ শিশুদের প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, প্রকৌশলী ও স্থপতি মাসুদুর রহমান খানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও