রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করে’—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

জুলাই আন্দোলনের আদর্শ ও লক্ষ্যকে রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে, তবে এই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা করা উচিত নয়।

- Advertisement -

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলনে’ বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের স্বপ্ন ও চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আদর্শ অনুসরণ করেই দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।

তিনি বলেন, “কোনো মহান আদর্শ বা চেতনাকে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। যারা চেতনা ব্যবসা করবে, তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে।”

জুলাই আন্দোলনের চেতনাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়েও সতর্ক করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হচ্ছে এবং দেশের স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সরকার এসব ষড়যন্ত্র মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং দেশের আইনশৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি জানান।

সম্মেলনে জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বর্তমান সরকারের বিভিন্ন লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়নে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ

এই বিভাগের আরও