রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হামের টিকা না কেনার অভিযোগে ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

হামের টিকা সংগ্রহে ব্যর্থতা ও এ সংক্রান্ত অবহেলার কারণে শত শত শিশুর মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

- Advertisement -

রোববার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আবেদনটি করেন হামে মারা যাওয়া নয় মাস বয়সী শিশু সাউদা মুসকানের বাবা সিরাজুল ইসলাম।

বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আবেদনটি শুনানি শেষে আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।

মামলার আবেদনে মুহাম্মদ ইউনূস ও নূরজাহান বেগম ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমকে আসামি করার আবেদন জানানো হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ও মার্চের শুরুতে শরীয়তপুর সদরের নয় মাস বয়সী সাউদা মুসকান হঠাৎ তীব্র জ্বরে আক্রান্ত হয়। স্থানীয়ভাবে চিকিৎসা করিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় মার্চের প্রথম সপ্তাহে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে প্রয়োজনীয় চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ তুলে আবেদনে বলা হয়, পরে ২২ মার্চ শিশুটিকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক ও নার্সদের অবহেলার অভিযোগও আনা হয়েছে।

মামলার আবেদনে আরও বলা হয়, ২৬ মার্চ শিশুটির মায়ের হাতে একটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে সেটি শিশুর মুখে লাগাতে বলা হয়। তিনি তা করতে ব্যর্থ হলে পরে এক পরিচ্ছন্নতাকর্মীর মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। এর প্রায় দুই ঘণ্টা পর শিশুটি মারা যায়।

আবেদনকারী দাবি করেছেন, হামের টিকা সংগ্রহে অবহেলা এবং চিকিৎসা ব্যবস্থার ব্যর্থতার কারণেই এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আদালত আবেদনটির বিষয়ে আদেশ পরে দেবেন।

সর্বশেষ

এই বিভাগের আরও