সোমবার, ৬ জুলাই ২০২৬

তেহরানে লাখো মানুষের অংশগ্রহণে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রোববার (৫ জুলাই) সকালে স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) অনুষ্ঠিত এ জানাজায় লাখো মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধানসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি জানাজার ইমামতি করেন। একই সঙ্গে খামেনির পরিবারের আরও চার সদস্যের জানাজাও অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি ইজেই এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি।

এ ছাড়া খামেনির তিন ছেলে—মাসুদ, মাইসাম ও মোস্তফা জানাজায় অংশ নেন। তবে অসুস্থতা ও নিরাপত্তাজনিত কারণে বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও দাফন কার্যক্রমের দ্বিতীয় দিনে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে। শোকাহত জনতা অশ্রুসিক্ত নয়নে তাদের দীর্ঘদিনের নেতাকে বিদায় জানান।

জানাজা উপলক্ষে রোববার সারা দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় খামেনির মরদেহ গ্র্যান্ড মোসাল্লা থেকে অন্যত্র স্থানান্তর করা হবে। সোমবার রাজধানী তেহরানে শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার খামেনির কফিন কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার তা ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। নাজাফ ও কারবালায়ও শোকযাত্রা ও জানাজার আয়োজন করা হবে।

সবশেষে মরদেহ ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদ শহরে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি পরিবারের কয়েকজন সদস্যসহ নিহত হন। ওই হামলায় গুরুতর আহত হন তার ছেলে মোজতবা আলী খামেনি। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আলী খামেনি।

তার মৃত্যুর পর মোজতবা আলী খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এখনো প্রকাশ্যে আসেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও