বুধবার, ৮ জুলাই ২০২৬

নিরাপত্তার কারণে গোপালগঞ্জে জুলাই পদযাত্রা করছে না এনসিপি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আপাতত গোপালগঞ্জে যাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নিরাপত্তাসংক্রান্ত বিষয় বিবেচনায় গোপালগঞ্জ বাদ দিয়ে দেশের ৬৩ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

- Advertisement -

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে সংবাদ সম্মেলনের প্রায় এক ঘণ্টা পর গণমাধ্যমে পাঠানো সংশোধিত সূচিতে গোপালগঞ্জের কর্মসূচি বাদ দেওয়া হয়।

প্রথমে সাংবাদিকদের দেওয়া কর্মসূচির তালিকায় ১৬ জুলাই গোপালগঞ্জে জুলাই পদযাত্রার কথা উল্লেখ ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিলে পরে সংশোধিত তালিকা প্রকাশ করে দলটি। তবে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি পরিবর্তনের বিস্তারিত কারণ জানানো হয়নি।

সারজিস আলম বলেন, গোপালগঞ্জে পদযাত্রার পরিবর্তে স্থানীয় নেতা-কর্মীরা সাংগঠনিক আলোচনা, দোয়া ও মোনাজাতের আয়োজন করবেন। ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় কোনো নেতা অংশ নেবেন না।

গত বছর জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছিল এনসিপি। সে সময় ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং ১৬ জুলাই সহিংসতার ঘটনায় চারজন নিহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সহিংসতার মধ্যে এনসিপির জ্যেষ্ঠ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ কয়েকজনকে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

তবে গোপালগঞ্জ সফরের পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়নি বলে জানিয়েছে দলটি। এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী সেপ্টেম্বরে যেসব এলাকায় দলের প্রার্থী থাকবে, সেখানে প্রচারণা চালানো হবে। সে সময় গোপালগঞ্জেও যাওয়ার পরিকল্পনা রয়েছে।

দলের রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য আলী আহসান জুনায়েদও জানিয়েছেন, উপযুক্ত সময়ে এনসিপি গোপালগঞ্জে কর্মসূচি পালন করবে। তবে তিনি নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও