শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পেনাল্টি মিসে এগোতে পারেনি ব্রাজিল, গোলশূন্য প্রথমার্ধ

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের বিপক্ষে গোলশূন্য প্রথমার্ধ শেষ করেছে ব্রাজিল। বলের দখলে এগিয়ে ছিল নরওয়ে, তবে পরিষ্কার গোলের সুযোগ বেশি তৈরি করেছিল সেলেসাওরা। কিন্তু পেনাল্টিসহ একাধিক সুযোগ কাজে লাগাতে না পারায় বিরতিতে কোনো দলই এগিয়ে যেতে পারেনি।

- Advertisement -

ম্যাচের ১১ মিনিটে ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে বক্সের ভেতরে ফাউল করলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি।

তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। তার শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।

৪০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের শক্তিশালী শটও রুখে দেন নিল্যান্ড। তার দুর্দান্ত গোলকিপিংয়ে ম্যাচে টিকে থাকে নরওয়ে।

অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল নরওয়ে। এরলিং হালান্ডের কাছ থেকে বল পেয়ে মার্টিন ওডেগার্ড বক্সের ভেতর থেকে জোরালো শট নিলেও ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার অসাধারণ সেভ করে দলকে বিপদমুক্ত করেন।

এর আগে ম্যাচের চতুর্থ মিনিটে নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।

দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

সর্বশেষ

এই বিভাগের আরও