রাঙ্গুনিয়ায় মাথায় গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার ১৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম মাতব্বর (২০)। তিনি উপজেলার রাজানগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালিমপুর দরবারী বাড়ির সিরাজুল ইসলাম মাতব্বরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুন ঝড়ে ভেঙে পড়া একটি গাছ কাটার সময় পাশে দাঁড়িয়ে ছিলেন সাইফুল। এ সময় গাছের একটি বড় ডাল তার মাথায় এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে, পরে পার্কভিউ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহতের চাচাতো ভাই বখতেয়ার মাতব্বর জানান, দীর্ঘ ১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকালে সাইফুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

