যুক্তরাষ্ট্রের পর ভারতকে ইসরায়েলের অন্যতম বৃহৎ বন্ধু ও সমর্থক হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে ইসরায়েলের প্রতি “অভাবনীয় সমর্থন” রয়েছে।
নেতানিয়াহু বলেন, “আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত। সেখানে ১৪০ কোটি মানুষ বাস করে এবং তাদের কাছ থেকে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি।”
গাজা, ইরান ও লেবানন ইস্যুতে আন্তর্জাতিক সমালোচনার মুখে থাকা নেতানিয়াহু ভারতের এই সমর্থনকে ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
একই সাক্ষাৎকারে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সকে সম্মান জানালেও তার সব বক্তব্যের সঙ্গে একমত নন বলে জানান। এর আগে ভ্যান্স বলেছিলেন, যুক্তরাষ্ট্রই ইসরায়েলের একমাত্র শক্তিশালী মিত্র এবং সেই সম্পর্ক ক্ষুণ্ন করা উচিত নয়।
নেতানিয়াহু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজের ইতিহাসে ইসরায়েলের “সবচেয়ে বড় বন্ধু” বলে অভিহিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম প্রসঙ্গে তিনি দাবি করেন, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভারতীয়দের কাছ থেকে ইসরায়েল বিপুল সমর্থন পাচ্ছে। একই সঙ্গে তার অভিযোগ, বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী ও ইহুদিবিদ্বেষী কনটেন্ট ছড়িয়ে দেওয়া যেন এক ধরনের প্রবণতায় পরিণত হয়েছে।
নেতানিয়াহু আরও দাবি করেন, অনেক দেশের নেতা প্রকাশ্যে সমালোচনা করলেও ব্যক্তিগতভাবে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেন।
এদিকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এবং লেবানন ইস্যুতেও নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, দক্ষিণ লেবাননের কিছু খ্রিষ্টান গ্রাম নিরাপত্তার স্বার্থে ইসরায়েলের সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

