মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

হাসপাতালে পানি, বিদ্যুৎহীন বোয়ালখালী—দুর্ভোগে জনজীবন

বোয়ালখালী প্রতিনিধি:

টানা ভারী বর্ষণে প্লাবিত হয়েছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলা, ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা।

- Advertisement -

মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে অবিরাম বৃষ্টিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিচতলায় হাঁটুপানি জমে যায়। এতে জরুরি বিভাগ, ল্যাবরেটরি এবং প্রশাসনিক কক্ষসহ বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়ে। ফলে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালে আসা রোগীদের দুর্ভোগ বেড়ে যায়।

এদিকে উপজেলার পশ্চিম গোমদণ্ডী, পশ্চিম শাকপুরা, ঘোষখীল ও কধুরখীলসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন নিম্নাঞ্চলের বহু মানুষ।

সোমবার রাত থেকে বোয়ালখালীতে বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

পৌর সদরের বাসিন্দা মো. আজিজ বলেন, টানা দুই দিন বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয়েছে। মোবাইল ফোন চার্জ দিতে না পারায় জরুরি যোগাযোগও ব্যাহত হচ্ছে। নিয়মিত বিদ্যুৎ না পেলেও মাস শেষে গ্রাহকদের বড় অঙ্কের বিল পরিশোধ করতে হয় বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সকালে আরাকান সড়কের নয়া রাস্তার মাথা এলাকায় একটি গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, গাছ অপসারণের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, পৌর এলাকার কয়েকটি স্থানে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। পানি দ্রুত নিষ্কাশনের জন্য পৌরসভার কর্মীরা মাঠে কাজ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও