বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

‘খেলা নয়, যেন দিনের আলোয় ডাকাতি’—ভিএআর নিয়ে মরিনহো

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই শেষ হলেও বিতর্কের রেশ কাটেনি। বিশেষ করে ভিএআরের সহায়তায় মিসরের একটি গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। এ বিষয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি কোচ হোসে মরিনহো।

- Advertisement -

ম্যাচের ৫৮তম মিনিটে মোস্তফা জিকোর করা একটি গোল ভিএআর পর্যালোচনার পর বাতিল করে দেন রেফারি। গোলের আগে বিল্ডআপে মারওয়ান আত্তিয়ার সঙ্গে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজের সংঘর্ষকে ফাউল হিসেবে চিহ্নিত করায় গোলটি বাতিল হয়। এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করছেন অনেক ফুটবল বিশ্লেষক।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মরিনহো বলেন, “এটা দিনের আলোয় ডাকাতি। ফুটবল কোথায় যাচ্ছে, এটা লজ্জার। যদি ফাউলই হয়ে থাকে, তাহলে খেলা তখনই থামানো উচিত ছিল। খেলা চলতে দেওয়া, গোল হতে দেওয়া, এরপর আবার ফিরে গিয়ে গোল বাতিল করা—এটা আমি বুঝি না।”

ভিএআরের সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই কোচ। তার অভিযোগ, আর্জেন্টিনার প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যালোচনা করা হলেও মিসরের ক্ষেত্রে একই মানদণ্ড অনুসরণ করা হয়নি।

মরিনহো আরও বলেন, “আর্জেন্টিনার বিপক্ষে খেলতে হলে শুধু মাঠের ১১ জন ফুটবলারকে হারালেই হবে না। আপনাকে হারাতে হবে বাঁশিকেও, ভিএআর কক্ষকেও এবং পুরো টুর্নামেন্টের চিত্রনাট্যকেও।”

তবে ভিএআরের ওই সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন ব্রাজিলের গ্লোবো টিভির সাবেক রেফারি ও বিশ্লেষক পিসি অলিভেইরা। তার মতে, গোলের আগে আত্তিয়ার ফাউল ছিল স্পষ্ট এবং ভিএআরের হস্তক্ষেপ আন্তর্জাতিক ফুটবল আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলে গোল বাতিলের সিদ্ধান্তও সঠিক ছিল।

উল্লেখ্য, ম্যাচে একসময় ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষদিকে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে নাটকীয় এই জয়ের চেয়েও রেফারিং ও ভিএআর বিতর্কই এখন ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে।

সর্বশেষ

এই বিভাগের আরও