বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

ট্রাম্পের ফোনেই বদলেছে সিদ্ধান্ত? ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপ চলাকালেই একের পর এক বিতর্কে জড়াচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর্জেন্টিনাকে পক্ষপাতমূলক সুবিধা দেওয়ার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক আইনপ্রণেতা।

- Advertisement -

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে কেন্দ্র করে এ দাবি উঠেছে। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে লাল কার্ড পাওয়ায় বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বালোগানের খেলার কথা ছিল না। তবে হঠাৎ করেই তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ফিফা।

এ ঘটনায় অভিযোগ ওঠে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে যোগাযোগ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভোল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্বকাপ চলাকালে নিয়ম পরিবর্তন ফুটবলের ন্যায্যতা ও স্বচ্ছতার পরিপন্থী। রাজনৈতিক চাপের কারণে ফিফা সিদ্ধান্ত পরিবর্তন করেছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

এ পর্যন্ত অন্তত ৩৫ জন ইউরোপীয় আইনপ্রণেতা তদন্তের দাবিতে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তারা ইউরোপীয় দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, বিষয়টি যেন ফিফার এথিকস কমিটির মাধ্যমে তদন্ত করা হয়।

তবে ফিফা দাবি করেছে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে তাদের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত এবং এতে অন্য কোনো প্রভাব ছিল না।

অবশ্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরও শেষ পর্যন্ত লাভ হয়নি যুক্তরাষ্ট্রের। শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় স্বাগতিকদের অন্যতম দলটি।

সর্বশেষ

এই বিভাগের আরও