শুক্রবার, ১০ জুলাই ২০২৬

খাল পার হতে গিয়ে পাহাড়ি স্রোতে তলিয়ে গেলেন হৃদয়

এস এম শাহেদ হোসেন ছোটন, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জৈষ্ঠ্যপুরা এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

- Advertisement -

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হৃদয় পূর্ব জৈষ্ঠ্যপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত ইলিয়াছের ছেলে। তিনি পাহাড়ে বাগান শ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালাতেন। স্থানীয়দের ভাষ্য, সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে খাল পার হতে গিয়ে প্রবল পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে যান তিনি।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী জানান, টানা ভারী বৃষ্টির কারণে খাল দিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল খুবই তীব্র ছিল। ওই সময় পারাপারের চেষ্টা করলে হৃদয় স্রোতে ভেসে যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ টিম কাজ করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, হৃদয়কে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

সর্বশেষ

এই বিভাগের আরও