শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

পাহাড় থেকে গড়িয়ে গুরুতর আহত, শেষ পর্যন্ত বাঁচানো গেল না বন্য হাতিকে

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া একটি বন্য হাতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

- Advertisement -

রোববার (১২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে হাতিটির মৃত্যু হয় বলে জানিয়েছে বন বিভাগ।

টেকনাফ ও উখিয়ার সহকারী বন সংরক্ষক মো. মনিরুল ইসলাম জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নইটংপাড়ার শিয়ালিয়াঘোনা পাহাড়ে ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আনুমানিক ২০ থেকে ২৫ বছর বয়সী এশীয় হাতিটি পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় পা পিছলে প্রায় ২০০ ফুট নিচে গড়িয়ে পড়ে। নিচে নামার পথে একাধিক গাছে ধাক্কা লাগায় হাতিটির পেছনের দুই পা ভেঙে যায় এবং পেটে গুরুতর আঘাত লাগে।

বন বিভাগ জানায়, শিয়ালিয়াঘোনা পাহাড়ে অন্তত ২৩টি এশীয় হাতির আবাস রয়েছে। আহত হাতিটির দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট এবং উচ্চতা প্রায় ১০ ফুট ছিল। গুরুতর আঘাতের কারণে সেটি আর নড়াচড়া করতে পারছিল না।

খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতাল এবং ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসকদের সমন্বয়ে চিকিৎসা শুরু করেন।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সর্বোচ্চ চেষ্টা চালিয়েও হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি। রোববার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে সেটির মৃত্যু হয়।

তিনি বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে হাতিটির ময়নাতদন্ত করা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আনিক চৌধুরীও হাতিটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে ভেটেরিনারি দল।

সর্বশেষ

এই বিভাগের আরও