দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি ও প্রাণহানির জন্য সাবেক ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল।
এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়েছে। রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতেই এমন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করতে শেখ হাসিনা সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিএনপি দেশব্যাপী শোক পালন করছে।
এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন এবং দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।
তিনি বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

