রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়কে শিক্ষার্থীরা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং পুনঃপরীক্ষার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

- Advertisement -

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, কয়েক দিনের টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে অনেকে পরীক্ষায় অংশ নিতে ব্যর্থ হয়েছেন, আবার অনেকের পরীক্ষা খারাপ হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান তারা।

ক্যামব্রিয়ান কলেজের এক শিক্ষার্থী বলেন, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি। উল্টো শিক্ষার্থীদের সঙ্গে কঠোর আচরণ করা হয়েছে। যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া ও পদত্যাগের দাবিও জানান তিনি।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও