শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে বিশ্বকাপের ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বুধবার (১৫ জুলাই) ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই সংগঠিত ও আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলের নেতৃত্বে ফ্রান্স নিজেদের সেরা খেলাটি খেলতে ব্যর্থ হয়।

- Advertisement -

ম্যাচের ২০তম মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওইয়ারসাবাল। এরপর ৫৮তম মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পররো। বাকি সময়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি দিদিয়ে দেশোঁর শিষ্যরা।

এই জয়ের মাধ্যমে টানা তিনটি সেমিফাইনালে ফ্রান্সকে হারানোর কৃতিত্ব দেখাল স্পেন। এর আগে ২০২৪ ইউরো ও ২০২৫ উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালেও জয় পেয়েছিল তারা।

বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা স্পেন আগামী রোববার নিউ জার্সিতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার।

ম্যাচজুড়ে বলের দখল প্রায় সমান থাকলেও আক্রমণে ছিল স্পেনের পরিকল্পনা ও কার্যকারিতা। এমবাপে, দেম্বেলে কিংবা ওলিসে কেউই ফ্রান্সকে ম্যাচে ফেরাতে পারেননি। শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় ফরাসিরা।

দারুণ দলীয় পারফরম্যান্সে ফ্রান্সকে থামিয়ে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করল স্পেন।

সর্বশেষ

এই বিভাগের আরও