রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে আইএসপি অফিসে হামলা-লুটপাট, গ্রেপ্তার ৮

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন)-এর কাছে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

- Advertisement -

আজ বুধবার সিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) ফয়সাল আহমেদ।

তিনি জানান, গত ১১ জুলাই হোয়াটসঅ্যাপে কল করে নিজেকে ‘ডেবিড ইমন’ পরিচয় দিয়ে ডিডিএনের স্বত্বাধিকারীকে ভয়ভীতি দেখিয়ে এককালীন দুই কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুর ১২টা ১৫ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল চকবাজার থানাধীন মনুমিয়াজী লেইনের মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত ডিডিএনের কার্যালয়ে হামলা চালায়।

হামলাকারীরা কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ফিঙ্গারপ্রিন্ট মেশিন, আসবাবপত্র, কাচের দরজাসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

হামলার সময় অফিসের ড্রয়ারে থাকা ৪৭ হাজার টাকা, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি ক্যানন প্রিন্টার এবং প্রতিষ্ঠানের পরিচালক অরিফুল ইসলামের কাঁধের ব্যাগ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ব্যাগে কর্মচারীদের বেতন পরিশোধের জন্য রাখা প্রায় ৩৫ লাখ টাকা ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় চকবাজার থানায় মামলা দায়েরের পর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর নির্দেশনায় সিএমপির একাধিক চৌকশ টিম, চকবাজার থানা পুলিশ ও র‍্যাব-৭ মহানগরীর বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে মো. ইউনুস, ইমরান হোসেন চ্যাং, আকবর হোসেন, মো. সুমন, মো. মনির ওরফে কেহেরমান, মো. গিয়াস উদ্দিন, মো. নয়ন এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ কমিশনার ফয়সাল আহমেদ বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই চাঁদাবাজি, অস্ত্র, মাদক, ছিনতাই, ডাকাতি, মানবপাচার, চোরাচালান ও বিশেষ ক্ষমতা আইনের অধীনে একাধিক মামলা রয়েছে। অভিযান চলমান থাকায় একজন আসামির ছবি প্রকাশ করা হয়নি।

সর্বশেষ

এই বিভাগের আরও