রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষা আন্দোলনে নতুন বার্তা, পদত্যাগ নয়—৬ দফা দাবি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি থেকে সরে এসে সরকারের কাছে নতুন ৬ দফা দাবি তুলে ধরেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ।

- Advertisement -

বুধবার (১৫ জুলাই) আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না। আমরা চাই, তিনি আমাদের ছয় দফা দাবি বাস্তবায়ন করবেন এবং শিক্ষার্থীদের ওপর কোনো চাপ সৃষ্টি না করে শিক্ষাব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করবেন।”

শিক্ষার্থীদের ৬ দফা দাবি

আন্দোলনকারীদের দাবিগুলো হলো—

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যারা পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের ইচ্ছা থাকলে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। দুই পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যাবে, সেটিকেই চূড়ান্ত ফলাফল হিসেবে গণনা করতে হবে।

প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে সংশ্লিষ্ট প্রশ্নের পূর্ণ নম্বর প্রদান নিশ্চিত করতে হবে।

অনিশ্চয়তা ও মানসিক চাপ বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে শিক্ষার্থীদের প্রস্তুতির সুযোগ দিতে হবে।

মূল্যায়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

প্রশ্নপত্রের ধরনে আকস্মিক পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নিতে হবে।

পরীক্ষার হলে পরিদর্শকদের আচরণ যেন শিক্ষার্থীদের মধ্যে ভয় বা মানসিক চাপ সৃষ্টি না করে, সে বিষয়ে ব্যবস্থা নিয়ে পরীক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বিরুদ্ধে নয়।

তারা মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান।

টানা দ্বিতীয় দিনের মতো বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেন এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা শেষে উত্তরা, সায়েন্স ল্যাব ও সাভারে সড়ক অবরোধ করেন তারা। একই সময়ে পূর্বঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে একটি দল শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করে।

বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।

সর্বশেষ

এই বিভাগের আরও