পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের রাজনৈতিক ও কূটনৈতিক সদিচ্ছা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সরকারের অনুরোধে ভারত ইতিবাচক সাড়া দেবে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক সদিচ্ছা—সব ধরনের সদিচ্ছার প্রয়োজন। আমরা আশা করি, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত যেসব আসামির বিচার বাংলাদেশে হয়েছে বা বিচারাধীন, তাদের বিষয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত সরকার দেবে এবং তাদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।”
দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে প্রভাবিত করবে না।
তার ভাষায়, “একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক বহুমাত্রিক। দুই দেশের মধ্যে সংলাপ, যোগাযোগ ও বিভিন্ন পর্যায়ের সহযোগিতা চলমান থাকবে।”
তিনি জানান, বিমসটেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নিতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম বর্তমানে ভারত সফরে রয়েছেন, যা দুই দেশের চলমান কূটনৈতিক যোগাযোগেরই অংশ।
‘বিচার কার্যকর হওয়া ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবার ন্যায়বিচার প্রত্যাশা করছে। তাই শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর হওয়া বাংলাদেশের মানুষ, গণতন্ত্র ও ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং তাদের পরিবার—সবাই বিচার দেখতে চায়। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে।”
দেশে ফিরলেই গ্রেপ্তার
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হওয়ায় আইন অনুযায়ী আত্মসমর্পণের সুযোগ নেই।
তিনি বলেন, “তিনি যখনই বাংলাদেশে আসবেন, তখনই তাকে গ্রেপ্তার করা হবে। এটাই আইনসম্মত প্রক্রিয়া।”
প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যোগাযোগ অব্যাহত
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় বিষয়টি নিয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য আসামিকে ফেরানোর ক্ষেত্রে আইনি বিধান ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করেই বাংলাদেশ সরকার এগোচ্ছে।
ভারত সফরের তারিখ নির্ধারিত হয়নি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, এখনো কোনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রয়েছেন। তবে পর্যায়ক্রমে বিভিন্ন দেশের সঙ্গে উচ্চপর্যায়ের সফর বিনিময় হবে।

