রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল, চলতি মাসেই দেওয়ার আশ্বাস

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রকাশের নির্ধারিত সময়সূচি পিছিয়ে যাচ্ছে। তবে নতুন তারিখ এখনও নির্ধারণ না হলেও চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের আশা করছে শিক্ষা বোর্ড।

- Advertisement -

শনিবার (১৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। সে অনুযায়ী শিক্ষামন্ত্রীর নির্দেশনায় শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে।

তবে খুব বেশি বিলম্ব হবে না বলে আশ্বস্ত করে বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আশা করছি, চলতি মাসের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে ফল প্রকাশ করতে পারব।’

প্রসঙ্গত, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে এবং দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও