রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘বাংলাদেশকে বিশ্বের এডুকেশন হাবে পরিণত করা হবে’ : শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশকে বিশ্বের ‘এডুকেশন হাব’ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানের ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হচ্ছে।

- Advertisement -

শনিবার (১৮ জুলাই) নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আসতেন। এখন দেশের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে যাচ্ছেন। এই ধারা বদলে দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে বিদেশি শিক্ষার্থীরা আবারও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আগ্রহী হন।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাবে পরিণত করা। সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের শিক্ষা ও গবেষণার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। দেশের বাইরে উচ্চশিক্ষায় গিয়ে তারা কৃতিত্বের সঙ্গে সাফল্য অর্জন করছে। এই মেধাকে কাজে লাগিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে দেশের উন্নয়নের অপার সম্ভাবনা বাস্তবে রূপ নেবে।

বিশ্ববিদ্যালয়ের বিষয়ভিত্তিক সম্প্রসারণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো অঞ্চলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় অর্থনীতি ও সম্ভাবনাকেও গুরুত্ব দিতে হয়। নওগাঁ অঞ্চলে আমসহ বিভিন্ন কৃষিপণ্য ব্যাপকভাবে উৎপাদিত হয়। তাই ভবিষ্যতে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজিসহ কৃষিভিত্তিক নতুন বিভাগ চালুর বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

এ সময় নওগাঁ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও