চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা সাহা (২০) এবং আরিফ মো. ইউসুফ (৫১)। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় সাতজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহত ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

