শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিশ্বজুড়ে ফেইসবুকে সাময়িক বিভ্রাট, বিপাকে লাখো ব্যবহারকারী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে আবারও বড় ধরনের সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে রোববার (১৯ জুলাই) দুপুরে হঠাৎ করেই ওয়েব সংস্করণে প্রবেশ করতে গিয়ে সমস্যায় পড়েন অসংখ্য ব্যবহারকারী।

- Advertisement -

বাংলাদেশ সময় দুপুর দেড়টার পর থেকে ফেইসবুকের স্বাভাবিক নিউজফিডের পরিবর্তে অনেক ব্যবহারকারীর সামনে ‘Account Temporarily Unavailable’ বার্তা প্রদর্শিত হয়। সঙ্গে জানানো হয়, সাইট-সংক্রান্ত কারিগরি সমস্যার কারণে অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ রয়েছে এবং কিছুক্ষণ পর আবার চেষ্টা করতে বলা হয়।

প্রায় দুই ঘণ্টা পর, বিকেল সাড়ে ৩টার দিকে ধীরে ধীরে ফেইসবুকের সেবা স্বাভাবিক হতে শুরু করে।

ব্যবহারকারীরা জানান, সমস্যাটি মূলত ব্রাউজারের মাধ্যমে ফেইসবুকের ওয়েব সংস্করণে প্রবেশকারীদের ক্ষেত্রে দেখা যায়। তবে মোবাইল অ্যাপ বেশিরভাগ ক্ষেত্রেই সচল ছিল।

এ সময় ডাউনডিটেক্টর, ইজডাউন, নর্ডভিপিএন এবং ডাউন ফর এভরিওয়ান–এর মতো বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলোও ফেইসবুকে সম্ভাব্য সেবাবিঘ্নের তথ্য প্রকাশ করে।

এসব প্ল্যাটফর্মে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, রোমানিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, তুরস্ক, ফিলিপিন্স, জর্জিয়াসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা একই ধরনের সমস্যার অভিযোগ জানান।

কিছু ব্যবহারকারী মেটার আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও সাময়িক সমস্যা হওয়ার কথা জানালেও হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার স্বাভাবিকভাবে চালু ছিল।

এর আগে গত ১২ জুন ফেইসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ মেটার একাধিক সেবায় বৈশ্বিক বিভ্রাট দেখা দিয়েছিল। সেবাগুলো প্রায় এক ঘণ্টা পর স্বাভাবিক হয়।

রোববারের এই বিভ্রাটে ফেইসবুকনির্ভর ব্যবসা, সংবাদমাধ্যম ও কনটেন্ট নির্মাতাদের কার্যক্রমেও সাময়িক বিঘ্ন ঘটে। তবে ঘটনার পরপরই ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। ব্যবহারকারীদের দেখানো বার্তায় কেবল কারিগরি ত্রুটির ইঙ্গিত দেওয়া হয়।

সর্বশেষ

এই বিভাগের আরও