সোমবার, ১০ আগস্ট ২০২৬

টিটির বিরুদ্ধে ক্ষোভে রেললাইনে রাবি শিক্ষার্থীরা, বন্ধ ট্রেন চলাচল

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে টিকিট চেকার (টিটি) মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। অভিযুক্ত টিটির শাস্তিসহ চার দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফরহাদ হোসেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার অভিযোগ, পদ্মা এক্সপ্রেসে ভ্রমণের সময় টিকিট পরীক্ষা করতে গিয়ে টিটি তার টিকিট দেখলেও পাশের দুই যাত্রীর টিকিট না দেখে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। বিষয়টির প্রতিবাদ করলে পেছন থেকে এক টিটি তার ওপর হামলা চালান।

ফরহাদ হোসেন বলেন, টিটি তাকে গলা চেপে ধরেন, পায়ে আঘাত করেন এবং টেনেহিঁচড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। তার দাবি, এ ঘটনায় তাকে হত্যারও চেষ্টা করা হয়েছে।

ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—অভিযুক্ত টিটি সুমনকে শিক্ষার্থীদের সামনে হাজির করা, ঘুষ গ্রহণের অভিযোগে তার স্থায়ী বহিষ্কার, ভুক্তভোগীকে হত্যাচেষ্টার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আহত শিক্ষার্থীকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে সব দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির দাবিও জানিয়েছেন তারা।

অভিযোগের পর শিক্ষার্থীরা রাজশাহী রেলস্টেশনে গিয়ে অভিযুক্ত টিটিকে না পেয়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন রেললাইনে অবস্থান নেন। এতে রাজশাহী-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, রেলের অনিয়মের প্রতিবাদ করায় একজন শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। রেল কর্তৃপক্ষ অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা রেলপথ অবরোধে বাধ্য হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) হাবিবুর রহমান জানান, অবরোধের কারণে দুটি আন্তঃনগর ও একটি মেইল ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে যেতে পারেনি। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সর্বশেষ

এই বিভাগের আরও