সোমবার, ১০ আগস্ট ২০২৬

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতি ভারি বর্ষণের শঙ্কা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, “সার্বিকভাবে বৃষ্টিপ্রবণতা কিছুটা কমলেও দক্ষিণাঞ্চল ও উপকূলীয় এলাকায় তা তুলনামূলক বেশি থাকবে। দেশের আটটি বিভাগেই কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

আবহাওয়ার বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এর প্রভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার মোংলায়। এছাড়া চাঁদপুরে ৯৩ মিলিমিটার, দিনাজপুরে ৮৪, পটুয়াখালীর খেপুপাড়ায় ৭৭, রাজশাহীতে ৬৪, বরিশালে ৬২, সিলেটে ৫৭, কয়রায় ৪৭ এবং গোপালগঞ্জে ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

একই সময়ে দেশের সর্বোচ্চ ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।

সর্বশেষ

এই বিভাগের আরও