সোমবার, ১০ আগস্ট ২০২৬

ভালো পারফর্ম না করলে মন্ত্রিসভায় পরিবর্তন আসতে পারে: তথ্য উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

মন্ত্রীদের কর্মদক্ষতা সন্তোষজনক না হলে প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় দপ্তর পুনর্বণ্টন বা নতুন মুখ যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

- Advertisement -

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি মনে করেন, মন্ত্রিসভার কোনো সদস্য প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে তিনি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। তার সঙ্গে আলাপচারিতায় আমার মনে হয়েছে, তিনি যদি কখনো মনে করেন কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তাহলে জনগণের স্বার্থে প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন।”

তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই মন্ত্রিসভায় রদবদল হবে কি না—এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তথ্য উপদেষ্টা। তিনি জানান, বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা। রুলস অব বিজনেস অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।

সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও