চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবস্থিত ফুলেল ফুড প্রোডাক্টসের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহার এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, কারখানার বিভিন্ন স্থানে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে। এছাড়া উৎপাদিত লাড্ডুসহ বিভিন্ন মিষ্টান্নে অস্বাভাবিক দীর্ঘ মেয়াদ নির্ধারণ এবং উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগও পাওয়া যায়।
উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, পণ্যের মেয়াদ নির্ধারণে অসঙ্গতি এবং অতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

