রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অর্থনীতি পুনরুদ্ধারে এডিপির কার্যকর বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার ও প্রবৃদ্ধিতে গতি আনতে এডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এডিপি সঠিকভাবে বাস্তবায়িত হলে দেশি-বিদেশি নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

- Advertisement -

বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে তিনটি নতুন এবং পাঁচটি সংশোধিত প্রকল্প।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আইএমইডির সাম্প্রতিক প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নীতিমালার খসড়া নিয়ে আলোচনা চলছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হলে একটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন নির্দেশিকা প্রণয়ন করা হবে, যা ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।

রেট শিডিউল (দর তালিকা) পর্যালোচনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পৃথক দর তালিকা থাকায় প্রকল্প ব্যয়ে বৈষম্য তৈরি হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। শিগগিরই সাধারণ ও বিশেষ কাজের জন্য নতুন রেট শিডিউল প্রণয়ন করা হবে।

প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা প্রসঙ্গে তিনি বলেন, সমন্বয়, জবাবদিহি ও দায়িত্বশীলতার অভাবে প্রকল্পের সময় ও ব্যয়—দুটিই বেড়ে যায়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সময়মতো প্রকল্প বাস্তবায়নে সরকার কাজ করছে।

সর্বশেষ

এই বিভাগের আরও