বুধবার, ২২ জুলাই ২০২৬

তৃণমূলকে শক্তিশালী করলেই গণতন্ত্র হবে কার্যকর: স্থানীয় সরকারমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান না হলে একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা টেকসই হয় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

- Advertisement -

বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশন।

মির্জা ফখরুল বলেন, তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমেই জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করা সম্ভব। উন্নত দেশগুলোর উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সেখানে স্থানীয় সরকারই প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও জনসেবার মূল ভিত্তি হিসেবে কাজ করে। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে স্থানীয় সরকারকে কাঙ্ক্ষিত শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। স্থানীয় মানুষের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতো ভালো আর কেউ জানেন না। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও ক্ষমতাবান করতে হবে।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়েছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অতীতের শাসনামলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। এখন গণতন্ত্র পুনর্গঠনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের কল্যাণে কয়েকটি উদ্যোগের কথাও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে বিশেষ ট্রাস্ট ও তহবিল গঠনের বিষয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে।

তিনি আরও আশ্বাস দেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সরকার বদ্ধপরিকর এবং আগামীতে ইউনিয়ন পরিষদসহ সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম এবং ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের জনপ্রতিনিধিদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সর্বশেষ

এই বিভাগের আরও