বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতাদের দল নয়; দলটির নেতাকর্মীরাও মানুষ, তাই তাদেরও ভুল-ত্রুটি হতে পারে। তবে অন্যায় ও অপরাধের ক্ষেত্রে দলটির অবস্থান ‘শূন্য সহনশীলতা’।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে ঢাকা জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে, আমরা কোনো ভুল করি না। আমরা মানুষ, আমাদেরও ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধও হতে পারে।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো নেতাকর্মীর অন্যায়-অপরাধ দেখলে তা ধরিয়ে দিন। আমরা কথা দিচ্ছি, যথাযথ ব্যবস্থা নিয়ে সংশোধন করব।”
নৈতিকতার বিষয়ে সতর্ক করে জামায়াত আমির বলেন, “সাদা কাপড়ে দাগ কম লাগে, কিন্তু লাগলে তা সবচেয়ে বেশি চোখে পড়ে। তাই নৈতিকতার প্রশ্নে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। জামায়াতে ইসলামীতে এ বিষয়ে কোনো ছাড় নেই।”
তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গেও সরকারের সমালোচনা করেন। বলেন, জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, শুধু সংবিধান সংশোধনের জন্য নয়। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

