মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

‘খুব দ্রুত তফসিল ঘোষণা হবে’—রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইসি

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

- Advertisement -

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ইসি মাছউদ বলেন, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার নিজেই এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা থাকবেন।’

নির্বাচন কমিশনার জানান, বিদ্যমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার। তাদের নিয়েই ভোটার তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো করেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ভোটের প্রয়োজন হলে ভোট হবে, আর একক প্রার্থী থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়েছে। তিনি পদত্যাগপত্র গ্রহণ করে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

স্পিকার জানান, শারীরিক অসুস্থতা ও বিভিন্ন জটিলতার কারণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও