রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে সন্ত্রাসী হামলা, শ্রমিকদের মারধর

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

চট্টগ্রাম নগরের দক্ষিণ পাহাড়তলী এলাকায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। হামলাকারীরা নির্মাণশ্রমিক ও প্রহরীদের মারধরের পাশাপাশি তিনটি ককটেল নিক্ষেপ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

- Advertisement -

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দীঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে নীরবে বড় অঙ্কের চাঁদাবাজি চলছে। নির্মাণাধীন একাধিক ভবনের মালিকের কাছেই চাঁদা দাবি করা হয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, তিনি সেখানে একটি ১০ তলা ভবন নির্মাণ করছেন। গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে। সম্প্রতি শহরের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলার ঘটনার পর কিছুদিন ফোন বন্ধ থাকলেও গত এক সপ্তাহ ধরে আবারও চাঁদার জন্য চাপ দেওয়া হচ্ছিল।

তিনি বলেন, বিষয়টি আগেই পুলিশকে অবহিত করা হয়েছিল। হামলার ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, ওই এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবির বিষয়েও পুলিশ অবগত রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুলাই নগরের চকবাজার অ্যাকসেস রোডে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় মামলা হওয়ার পর র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে ২০ জনকে গ্রেপ্তার করে। এর আগে এক শিল্পপতির বাসার সামনেও সশস্ত্র মহড়ার ঘটনা নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছিল।

সর্বশেষ

এই বিভাগের আরও