জাতীয় সংসদ ভবনের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
জাতীয় সংসদ সচিবালয় জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও সংসদ সচিবালয়ের সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার।
তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে সংসদ সচিবালয়।

