ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সারোয়ার আলমগীরের জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিতে আর কোনো আইনি বাধা নেই। এ বিষয়ে করা আপিল আবেদন তালিকা থেকে বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণ করা সারোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই।
আদালতে সারোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আহসানুল করিম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী।
এর আগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেন নুরুল আমীন। তিনি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার আলমগীরকে সংসদ অধিবেশনে অংশ নেওয়া থেকে বিরত রাখার আবেদন করেন।
গত ২৭ ও ২৮ জুলাই শুনানি শেষে বুধবার আদেশ দেন আপিল বিভাগ। আদেশে আপিল আবেদন তালিকা থেকে বাদ দেওয়ায় সারোয়ার আলমগীরের সংসদে যোগদানের পথ পুরোপুরি উন্মুক্ত হয়েছে।
এর আগে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করলেও তিনি হাইকোর্টে রিট করলে আদালত তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। পরে গত ৯ জুলাই রায়ের পর তার গেজেট প্রকাশ করা হয় এবং তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

