১৪৪ ধারা জারির মধ্যে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। এ সময় শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের চা কন্যা ভাস্কর্য এলাকায় ব্যারিকেড সৃষ্টি হলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার চা কন্যা ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। শ্রীমঙ্গল শহর অতিক্রম করে হবিগঞ্জের পথে চা কন্যা এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের গাড়িবহর থামিয়ে দেয়।
এ সময় গাড়ি থেকে নেমে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে দেখা যায়। ব্যারিকেডের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপি নেতাদের গাড়িবহর সাময়িকভাবে আটকে দেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজের স্বাক্ষরিত আদেশে হবিগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

