ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে জুলাই শহীদ দিবস স্মরণে তথ্য ভবনে আয়োজিত প্রকাশনার মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “যারা ভোল পাল্টিয়েছে তারা এখন বেশি অপকর্মে লিপ্ত। সরকার গঠনের পর গত পাঁচ মাসেও সমাজের তেমন কোনো পরিবর্তন হয়নি। আগের মতোই ঘুষ-দুর্নীতি চলছে।”
তিনি বলেন, “পরিবর্তন বলতে কেবল তারেক রহমান চেষ্টা করছেন সমাজ পরিবর্তনের। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাকে সহযোগিতা করতে হবে।”
বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের মানুষের জীবনমানের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়া দুর্ভাগ্যজনক। ক্ষমতায় গেলে ক্ষমতাসীনদের মধ্যে ক্ষমতা আঁকড়ে রাখার প্রবণতা তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “এই ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আন্দোলনে তরুণরা রক্ত দিয়েছে। জুলাইয়ের ত্যাগ ধারণ করে সমাজ পরিবর্তনের চেষ্টা না করলে এত রক্ত বৃথা যাবে। বিএনপি এই সমাজটাকে পাল্টে দিতে চায়।”
এদিকে, জুলাই আন্দোলনকে ঘিরে কেউ যেন ব্যবসা করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

