চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
বুধবার (২৯ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কাজীর দেউড়ি এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট কেনাবেচা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোট ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।
র্যাব জানিয়েছে, জব্দ করা সিগারেট আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

