জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বর্তমানে বিএনপি যেভাবে তাদের বাধা দেওয়ার, প্রতিরোধ করার ও গলা টিপে ধরার চেষ্টা করছে, তা ব্রেইনলেস আওয়ামী লীগের আচরণের মতোই। তার ভাষায়, আওয়ামী লীগের যতটুকু সাংগঠনিক সক্ষমতা ছিল, বিএনপি এখন ততটুকুও দেখাতে পারছে না।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হবিগঞ্জে সাম্প্রতিক একটি মামলা প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিয়ে বিএনপি এমন আচরণ করছে, যা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।
তার অভিযোগ, এনসিপিকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে এবং গলা টিপে ধরার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের যে মামলা হয়েছে, বাস্তবে ছিনতাই হয়েছে তারেক রহমান ও বিএনপির নিজেদেরই মান-সম্মানের। তবে সেই ছিনতাই তারা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমেই করেছে এবং এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের মুখ দেখানোর মতো অবস্থা নেই বলে মন্তব্য করেন তিনি।
ছাত্রদলের ভূমিকা নিয়ে সারজিস আলম বলেন, এত মান-সম্মান হারানোর পরও যারা এই কাজ করেছে, তারা কতটা অথর্ব হলে এমন একটা কাণ্ড ঘটায় যা মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়। এটাকে তিনি তাদের বুদ্ধিবৃত্তিক অবস্থার প্রতিফলন বলে উল্লেখ করেন।
সবশেষে তিনি বলেন, মামলাটি যেখানে দায়ের করা হয়েছে এবং যে এটি লিখেছে, সে হয়তো মনে মনে তাদেরই গালি দিচ্ছিল, যারা তাকে এই মামলা লিখতে বাধ্য করেছে।

