শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মায়ানমারে পাচারের আগে জব্দ ৪৫০ বস্তা ডিএপি সার, আটক ২৩

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে বিশেষ অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা (২২ হাজার ৫০০ কেজি) ডিএপি সার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়েছে।

- Advertisement -

শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৩ জনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, মায়ানমারে পাচারের উদ্দেশ্যে সারবোঝাই একটি কার্গো বোট কর্ণফুলী চ্যানেলে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা পতেঙ্গা ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালান।

অভিযান টের পেয়ে কার্গো বোটে থাকা পাচারকারীরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ৪৫০ বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত কার্গো বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান ও সীমান্তপাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ

এই বিভাগের আরও