রবিবার, ২ আগস্ট ২০২৬

আঘাতের চিহ্ন নেই, তদন্তে পুলিশ—কর্ণফুলীতে মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পিডিবি ঘাটসংলগ্ন নদী এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে এলাকাবাসী খালে একটি বস্তাবন্দি মরদেহ ভাসতে দেখে সদরঘাট নৌ পুলিশ ও কর্ণফুলী থানা পুলিশকে খবর দেন। পরে দুই ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

নিহত তরুণীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। দীর্ঘসময় পানিতে থাকায় মরদেহের চেহারা বিকৃত হয়ে গেছে, এমনকি আঙুলের ছাপ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। ফলে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সর্বশেষ

এই বিভাগের আরও